ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, ‘গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই।’
তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের প্রভাবে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট রাজত্ব করছে। এর মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে। এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত বলে তিনি মনে করেন। ডা. শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিন নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে।
বিরোধীদলীয় নেতা সরকারকে স্পষ্ট ভাষায় বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ