ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা দালাল সিন্ডিকেট নির্মূলে সুপরিকল্পিত কর্মকৌশল গ্রহণ করার ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
এমপি মাহবুবুর রহমান বেলাল বলেন, হাসপাতালের প্রতিটি স্তরে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। জনবল সংকটের সুযোগ নিয়ে দালালরা ‘ভলান্টারি সার্ভিস’-এর নামে ভেতরে প্রবেশ করে রোগীদের কাছ থেকে ইচ্ছেমতো অর্থ আদায় করছে। এই পরিস্থিতি বন্ধ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। তিনি উল্লেখ করেন, সিন্ডিকেটের অনেক সদস্য স্থানীয় হওয়ায় তারা নার্স ও চিকিৎসকদের হুমকি দেয় এবং নিরাপত্তাহীনতায় ভোগায়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দৌরাত্ম্য বন্ধ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। তিনি সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এমপি জানান, ১,০০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকে, অথচ জনবল কাঠামো এখনো ৬০০ শয্যার আমলের রয়ে গেছে। পর্যাপ্ত বেড ও স্টাফ না বাড়ানো পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা কঠিন। তিনি হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য পরিচালককে তাগিদ দেন।
মাহবুবুর রহমান বেলাল অভিযোগ করেন যে, অতীতে এই হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়নি। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বিভাগীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে এর শয্যা সংখ্যা, জনবল ও বাজেট দ্রুত বৃদ্ধি করতে হবে। দালালমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি হাসপাতাল গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি সংবাদিকদের জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ