ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি এই গণভোট অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। তবে সংশোধিত গেজেটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। অর্থাৎ, আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি।
হিসাব অনুযায়ী, বাতিল হওয়া ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টিতে। সব মিলিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি। এই বড় ধরনের পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “প্রাথমিক হিসেবে কিছু করণিক ভুল ও ট্রান্সপজিশন এরর ছিল। হাতে কাজ করার সময় এ ধরনের ভুল হতেই পারে। তবে মূল প্রতিপাদ্য অর্থাৎ ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যে বেশি ছিল, সেখানে কোনো বিচ্যুতি ঘটেনি।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সংশোধিত ফলাফলের ভিত্তিতেই এখন পরবর্তী রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ