কালকিনিতে বৃক্ষরোপণ ও সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
কালকিনিতে বৃক্ষরোপণ ও সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
কালকিনি ফাযিল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ

বি.এম. হানিফ, কালকিনি-ডাসার

মাদারীপুরের কালকিনি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই সবুজায়ন কর্মসূচির পাশাপাশি মাদক, কিশোর গ্যাং সংস্কৃতি ও বাল্যবিবাহ প্রতিরোধের মতো একাধিক সামাজিক ব্যাধি দূরীকরণের লক্ষে সমন্বিত সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এসব জনকল্যাণমুখী কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে কালকিনির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরাসরি বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় কালকিনি ফাযিল মাদরাসা প্রাঙ্গণে লার্নিং এক্সিলারেশন ইন-সেকেন্ডারি (লেইস) প্রকল্পের আওতায় মাদরাসা আঙিনায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই সবুজায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস।

একই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক ব্যাধি—বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, ক্রমবর্ধমান কিশোর গ্যাং অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি বিশেষ আলোচনা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস।

অন্যদিকে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুল আলমের সভাপতিত্বে স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে আরেকটি পৃথক প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মাদারীপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রশীদ খান।

উল্লেখ্য, কালকিনি উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে আয়োজিত এই যৌথ সামাজিক কর্মসূচির আওতায় গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ০৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ২১ দিনব্যাপী নানামুখী সামাজিক সচেতনতামূলক ও প্রশিক্ষণমূলক কার্যক্রম ধারাবাহিকভাব চলমান রয়েছে।

আয়োজিত পৃথক এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নিকাহ ও বিবাহ রেজিস্টার (কাজী), শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।