ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ভোট কারচুপির অভিযোগের ভিত্তিতে ওই আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জামাদি হাইকোর্টের হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর বিজয়ী প্রার্থীদের প্রতি নোটিশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে নির্বাচনি অনিয়ম ও কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ এনে ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবেদনগুলোর প্রাথমিক শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তির জন্য হাইকোর্টে এই বিশেষ নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই তিনটি আসনের সকল নির্বাচনি নথিপত্র ও সরঞ্জামাদি আদালতের তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে রাখতে হবে। বিজয়ী প্রার্থীদের আগামী শুনানির আগে আদালতের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ