ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল তার একসময়ের সহকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মামলা দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার দাবি করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সুমনের রাজনৈতিক ও পেশাগত সততার প্রশংসা করে এই আহ্বান জানান।
উল্লেখ্য, পিয়া জান্নাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই সুবাদে সুমনের বিপদে ব্যথিত হয়ে পিয়া লিখেছেন, ‘যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, আজ তিনি নিজেই জামিন প্রার্থনা করছেন; সময়ের এটি নির্মম পরিহাস।’
পিয়া তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, যে কেউ যেকোনো রাজনৈতিক আদর্শ বা দলকে সমর্থন করতেই পারেন, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একজন মানুষের মূল দর্শন, সততা এবং উদ্দেশ্যই হওয়া উচিত তাকে মূল্যায়নের মানদণ্ড। তিনি দাবি করেন, কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তবে যেন তা ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তি করা হয়।
সবশেষে এই মডেল-অভিনেত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের উন্নতির জন্য ব্যারিস্টার সুমনের মতো মানুষের সংখ্যা আরও বাড়ুক।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুলের এই পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ