ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ তাওহীদ, স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ তাহিদুল ইসলামের মরদেহ দাফনের দীর্ঘ ১৮ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) আদালতের নির্দেশে ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের উদ্দেশ্যে এই মরদেহ উত্তোলন করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তাহিদুল শহীদ হলেও তৎকালীন বৈরী পরিস্থিতি এবং নানামুখী চাপের কারণে ময়নাতদন্ত ছাড়াই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। সম্প্রতি দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়েরকৃত হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া পূর্ণ করার স্বার্থে আদালতের আদেশক্রমে এই পদক্ষেপ নেওয়া হয়।
মরদেহ উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ফরেনসিক পরীক্ষা শেষে মরদেহটি পুনরায় একই স্থানে সমাহিত করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
শহীদ তাহিদুলের বৃদ্ধ বাবা ও স্বজনরা মরদেহ উত্তোলনের সময় কান্নায় ভেঙে পড়েন। তারা এবং উপস্থিত এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ