ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুস সবুর তালুকদারের প্রধান নির্বাচনী পরিচালনা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা এলাকায় অবস্থিত কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হঠাৎ করেই নির্বাচনী অফিস থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা দ্রুত নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে ততক্ষণে অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র, নির্বাচনী ব্যানার-ফেস্টুনসহ বেশ কিছু মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষ ও সমর্থকদের মাঝে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সবুর তালুকদার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের ভয় দেখাতে পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ