ঘোড়াঘাটে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প: সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ

ঘোড়াঘাটে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প: সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগিতায় একটি বিশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এই ক্যাম্পে ঘোড়াঘাট পৌরসভাসহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক রোগীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। ক্যাম্পে আসা সেবাগ্রহীতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান দুর্মূল্যের বাজারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, জনগণের সেবা করাই শহীদ জিয়ার আদর্শের মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের মানবিক কর্মসূচি পালন করা হচ্ছে। তারা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে (ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন