হাতিয়ায় এনসিপি ছেড়ে বিএনপিতে ৭ নেতা-কর্মীর যোগদান

হাতিয়ায় এনসিপি ছেড়ে বিএনপিতে ৭ নেতা-কর্মীর যোগদান

নিজস্ব প্রতিবেদক, হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে এনসিপি (ন্যাশনাল কংগ্রেস পার্টি) ছেড়ে ৭ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্বপন ডাক্তারের বাড়িতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তারা নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীমের হাতে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারী নেতারা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন। যোগদানের পর তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম ভোটারদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচিত হলে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন এবং যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। হাতিয়াকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।”

সদ্য বিএনপিতে যোগ দেওয়া হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন এনসিপিতে দায়িত্ব পালন করলেও এখন থেকে ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবেন। তবে এনসিপির তমরদ্দি ইউনিয়নের সদস্য সচিব ছাইফুল ইসলাম দাবি করেছেন, ওই কমিটি দীর্ঘ দিন ধরে অকার্যকর ছিল এবং ওই কর্মীরা দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলেন।

মন্তব্য করুন