ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিগত নির্বাচনের অভিজ্ঞতা ভুলে গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা ও নিষ্ঠার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) কুলাউড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সরকারের সামনে এই নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। তাই দেশ ও জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আপনাদের নির্ভয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নত করা যাবে না।”
মৌলভীবাজার-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে জানানো হয়, এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ৩ লক্ষ ৩ হাজার ২০ জন ভোটারের এই আসনে ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রায় ২ হাজার কর্মকর্তাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ