ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আজ সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
ইশতেহারের মূল আকর্ষণ: জামায়াত জানায়, এবারের ইশতেহারটি মূলত দেশের সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর আগে দলটি 'জনতার ইশতেহার' নামে একটি অ্যাপভিত্তিক প্রচারণা চালিয়েছিল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৭ লাখেরও বেশি মানুষ তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। আজকের ইশতেহারে সেই বিপুল সংখ্যক মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উপস্থিত থাকবেন যারা: ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে সাজানো এই ইশতেহারটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ