ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ হুমায়ুন কবিরের
অনলাইন ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের দেশ লিথুয়ানিয়ার ভিসা প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে ঢাকায় দেশটির একটি স্থায়ী ভিসা সেন্টার বা কনস্যুলার সেবা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। বৈঠকে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়াদি আলোচনার সময় এই আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক জোরদারকরণ, দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি খাতে যৌথ সহযোগিতা এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক সহযোগিতার অব্যাহত গতি ও ইতিবাচক যোগাযোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের কাছে একটি বিশাল দক্ষ ও কারিগরিভাবে প্রশিক্ষিত তরুণ মানবসম্পদ রয়েছে। তিনি লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতে আরও বেশি পরিমাণে দক্ষ জনশক্তি নিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দেন।
একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিপ্রার্থীদের জন্য সহজে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ঢাকায় একটি লিথুয়ানিয়ান ভিসা অফিস বা আবেদন গ্রহণ কেন্দ্র চালুর গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাৎকালে লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন বাংলাদেশের প্রস্তাবিত বিষয়গুলোর প্রতি গভীর আগ্রহ দেখান। বিশেষ করে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি খাতে শিক্ষার্থী ও গবেষক বিনিময়ে তাঁর দেশের স্পষ্ট আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। আগামীতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে যৌথভাবে কাজ করার মাধ্যমে উভয় দেশের মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে দুই পক্ষ আশাবাদ প্রকাশ করেন।
|