ঘোড়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
গতকাল রোববার (১৬ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামস্থ করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার ওপর থেকে মাদক নির্মূল কমিটির সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৫৭) ও মোঃ শাকিল মিয়া (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কূলানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১,১৩৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদক নির্মূল কমিটির সহায়তায় ১১৩৭ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|