একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক: বিগত সরকারের আমলের গুম-খুন, ভয়াবহ অরাজকতা ও মেগা দুর্নীতির এক ধূসর ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিগত শাসনআমলের চরম নৈরাজ্য ও অর্থনৈতিক বিশৃঙ্খলার চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, "বিগত সরকার দেশের সব খাতকে ধ্বংস করে যে লিগ্যাসি রেখে গেছে, তা রাতারাতি পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা গায়েব হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যাওয়ার খবর আমরা দেখেছি। একের পর এক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খালি করে লোপাট করা হয়েছে। রূপকথার গল্পের মতো মেগা প্রজেক্টের নামে চালিয়েছে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি।"
তৎকালীন মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতা স্মরণ করে তিনি বলেন, "চারদিকে ছিল চরম আতঙ্ক ও অরাজকতা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারবহির্ভূত হত্যা এবং গুমের সংস্কৃতি চালু করা হয়েছিল। সরকারের ভিন্নমত পোষণ করলেই নদী, খাল বা ঝোপঝাড়ে লাশ ভেসে উঠত। এমন অন্ধকার পরিস্থিতিতে বীরত্বপূর্ণ ও ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতা ৫ আগস্টের ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন এনেছে।"
বর্তমান সরকারের উন্নয়ন ও সংস্কার কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে রিজভী আরও উল্লেখ করেন, অবাধ ও সুসংগঠিত নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, "নির্বাচনী ইশতেহার উন্মোচনের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার পরিচালনার দ্বিতীয় দিন থেকেই তা বাস্তবায়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড বিতরণ, দেশব্যাপী খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি তার প্রত্যক্ষ উদাহরণ। বৈশ্বিক নানা দুর্যোগ ও আন্তর্জাতিক সংকট সত্ত্বেও সরকার সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত প্রতিটি খাতে প্রদত্ত ওয়াদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে।"
|