কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটার সময় বজ্রাঘাতে ওবাইদুল (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওবাইদুল ওই গ্রামের মো. আব্দুল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওবাইদুল নিজের জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে তিনি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ধান কাটার সময় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে কিছু জানানো হয়নি।
জান্নাত/সকালবেলা