‘অপকর্ম ঢাকতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে আ: লীগ’

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
‘অপকর্ম ঢাকতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে আ: লীগ’

মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল। বিভিন্ন অপকর্ম আড়াল করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা।’

বুধবার (৬ মে) দুপুরে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শনকালে তিনি অভিযোগ করেন, গুম, খুন, লুটপাট ও চাঁদাবাজিসহ এমন কোনো অপরাধ নেই যা বিগত সরকার করেনি। এছাড়া ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন। বিগত সময়ে অ-মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা এবং ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০১ সালে এ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় এবং বিএনপি-ই মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর আন্তরিকতা সবচেয়ে বেশি বলে তিনি মন্তব্য করেন।

গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু বলেন, ১৯৭১ সাল ছিল শত্রুমুক্ত করার লড়াই আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারমুক্ত করার আন্দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য কামরুজ্জামান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন