নাটোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের দণ্ড

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
নাটোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের দণ্ড

নাটোর প্রতিনিধি: নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাটোর সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি নাটোর সদর থানার উত্তর চৌকিরপার কালুর মোড়, নিচবাজার, চকবৈদ্যথ, হাফ রাস্তা তেবাড়িয়া, বনবেলঘরিয়া, হরিসপুর ও মাদ্রাসা মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ সৌরভ (২০), মোঃ আলী (২১), শ্রী নিরেন (২৮) এবং মোঃ দেলোয়ার হোসেন (৪৮)। তাঁরা সকলেই নাটোর সদর থানার বাসিন্দা।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে ৪টি পৃথক মামলার প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন