পীরগাছায় নিয়ম ছাড়াই ক্লিনিকের গাছ বিক্রি

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ
পীরগাছায় নিয়ম ছাড়াই ক্লিনিকের গাছ বিক্রি

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছা উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকের প্রায় অর্ধশতাব্দী পুরোনো শিলকড়াই গাছ নিলাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমানের মৌখিক নির্দেশে গত রোববার গাছটি কেটে বিক্রি করেন বালাটারী কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আব্দুল জলিল।

সরেজমিনে দেখা যায়, বালাটারী কমিউনিটি ক্লিনিকের ক্যাম্পাসে থাকা প্রায় ৩৫-৪০ ফুট লম্বা গাছটি সরকারি বিধি অনুসরণ না করেই বিক্রি করা হয়েছে। স্থানীয়দের দাবি, গাছটি প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে, যদিও সিএইচসিপি আব্দুল জলিল তা ২৪ হাজার টাকায় বিক্রির দাবি করেন। এছাড়া আব্দুল জলিলের বিরুদ্ধে নিয়মিত ক্লিনিকে না আসা এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও তুলেছেন এলাকাবাসী।

ক্লিনিকের দাতা সদস্য হোসেন সিদ্দিকী আক্ষেপ করে বলেন, “আমাকে কখনো মাসিক বা ত্রৈমাসিক সভায় ডাকা হয় না। কোনো রেজুলেশন বইয়েও স্বাক্ষর নেওয়া হয়নি। আমি ক্লিনিকের দাতা সদস্য ও নিকটতম প্রতিবেশী হলেও জানতে পারি না তিনি কখন আসেন বা যান।” তিনি আরও জানান, গাছ বিক্রির আগে তিনি নিলামের পরামর্শ দিলেও তা মানা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিএইচসিপি আব্দুল জলিল বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৌখিক নির্দেশক্রমে আমি গাছটি বিক্রি করেছি।” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “গাছের বিষয়টি আমাকে জানানো হয়েছিল। আমি স্থানীয় ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে গাছ বিক্রির নির্দেশ দিয়েছি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেখ হাসান তাহসিন বলেন, “আমার জানামতে নিলাম ছাড়া সরকারি গাছ বিক্রির কোনো সুযোগ নেই।” সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “সরকারি গাছ বিক্রির ক্ষেত্রে বিধি অনুযায়ী নিলাম প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন