এ,টি,এম, ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠুকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ কুৎসা রটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শিকদার সাইদুর রহমান মিঠু অভিযোগ করেন যে, চৌধুরীকান্দা সদরদী গ্রামে পৈত্রিক সম্পত্তি রেলওয়ে কর্তৃক অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক দেলোয়ার শিকদার ও হোসাইন শিকদারসহ সংশ্লিষ্টদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
মিঠু দাবি করেন যে, প্রতিপক্ষরা জমিটি নিজেদের দাবি করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেন।
এ.আই.এল/সকালবেলা