নীলফামারীতে ভিসা জালিয়াতি চক্রের সদস্য গ্রেপ্তার

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
নীলফামারীতে ভিসা জালিয়াতি চক্রের সদস্য গ্রেপ্তার

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল ৩ মে রাতে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফারাসের পাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

অভিযানকালে একটি বাড়ি থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, জব্দকৃত মোবাইলে ভিসা জালিয়াতির আলামত ও অনলাইন ক্যাসিনো খেলার অ্যাপস পাওয়া গেছে। এছাড়াও মোবাইলের ব্রাউজারে বিভিন্ন বেটিং সাইটে লগ-ইন করা অবস্থায় ছিল।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত। আজ ৪ মে তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন