কিশোরীর শ্লীলতাহানির মূল্য ২০ হাজার টাকা!

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ণ
কিশোরীর শ্লীলতাহানির মূল্য ২০ হাজার টাকা!

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন স্থানীয় মাতুব্বররা। উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গুচ্ছ গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী দেলোয়ার শিকদার (৫৫) গত ২৫ এপ্রিল শ্লীলতাহানির চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। অভিযুক্ত দেলোয়ার ভুক্তভোগীর বাবাকে ভ্যান ভাড়া দিতেন এবং সেই সুযোগে দীর্ঘদিন ধরে কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

গতকাল রবিবার (৩ মে) রাতে স্থানীয় জনপ্রতিনিধি বাবর আলী মাতুব্বর ও গুচ্ছ গ্রামের সভাপতি কাশেম আলীর নেতৃত্বে শালিস বসে। সেখানে ২০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শালিসের রায় না মানলে তাঁদের গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে এবং ভয়ে তাঁরা পুলিশের কাছেও যেতে পারছেন না।

মুনসুরাবাদ গুচ্ছ গ্রামের সভাপতি কাসেম মিয়া শালিসের সত্যতা স্বীকার করলেও ভুক্তভোগী পরিবারকে হুমকির বিষয়টি অস্বীকার করেন। 

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি; অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন