কিশোরগঞ্জে ছাত্রদলের সিন্ডিকেট কমিটি প্রত্যাখান ও শরিফুল আলমকে অবাঞ্চিত ঘোষণা

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ছাত্রদলের সিন্ডিকেট কমিটি প্রত্যাখান ও শরিফুল আলমকে অবাঞ্চিত ঘোষণা

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে কেন্দ্র করে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জেলা বিএনপির সভাপতি ও প্রতিমন্ত্রী শরিফুল আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। 

সোমবার (৪ মে) দুপুরে ‘সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গবাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র ঘোষিত পাঁচ সদস্যের কমিটি অস্বাভাবিকভাবে স্থগিত করা এবং দীর্ঘদিনের অস্থিরতার পেছনে বিভিন্ন মহলের হস্তক্ষেপ রয়েছে। বিশেষ করে পূর্বে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদককে বাদ দেওয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

আন্দোলনকারীরা বর্তমান কমিটিকে “সিন্ডিকেট নির্ভর” আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তাঁরা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বর্তমান কমিটি বাতিল এবং রেদোয়ান রহমান ওয়াকিউরকে পুনর্বহালের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে শরিফুল আলম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষুব্ধরা শরিফুল আলমকে জেলায় অবাঞ্ছিত বলে ঘোষণা করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন