কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৩১ নং পশ্চিম পীড়ারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রাণী জয়ধরের বদলির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক খোকন বাড়ৈ, সুকদেব মজুমদার, সাবেক ইউপি সদস্য বীরেন্দ্রনাথ মজুমদার এবং শিক্ষার্থী অংকন হালদারসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক অনিতা রাণী জয়ধর পাঠদানে অত্যন্ত অমনোযোগী এবং অযোগ্য। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে তাঁরা দ্রুত তাঁর বদলি দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক অনিতা রাণী জয়ধর বলেন, তাঁর বিরুদ্ধে আনা শিক্ষার্থীদের ও এলাকাবাসীর এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র শুরু করেছে।
এ.আই.এল/সকালবেলা