মাধবপুরে ৯৫ লাখ টাকার পণ্য জব্দ

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
মাধবপুরে ৯৫ লাখ টাকার পণ্য জব্দ

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা ও কাঠ জব্দ করা হয়েছে। 

সোমবার (৪ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে পাথরের নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ঔষধ ও জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

একই দিনে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে হরিণখোলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমণি কাঠ জব্দ করে। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাঁদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন