সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে ঘোষিত এই কমিটিতে জেলার শিবপুর উপজেলার এক ডজনেরও বেশি ত্যাগী ও তরুণ ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় অনুমোদিত এই কমিটিতে শিবপুর থেকে স্থান পেয়েছেন একঝাঁক সাহসী মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সহ-সভাপতি পারভেজ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া ও পান্না সরকার। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আজিজুল হক ইমরান, মাইনুল অপি, রবিন মোল্লা, অপু শেখ ও রকি মিয়াসহ আরও অনেকে।
শিবপুরের ছাত্রনেতারা জেলা কমিটিতে মূল্যায়ন পাওয়ায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তাঁদের অনুসারীরা। নেতাকর্মীদের মতে, রাজপথের আন্দোলনে সাহসী ভূমিকা পালন করায় এবার যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়েছে। এই নতুন কমিটির মাধ্যমে নরসিংদী জেলা ছাত্রদল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনের আন্দোলনে শিবপুরের ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও জেলা কমিটির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ.আই.এল/সকালবেলা