হজ পালনের ক্ষেত্রে সম্প্রতি আরোপিত ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই বিধিনিষেধ প্রত্যাহার করে আগের নীতি পুনর্বহাল করেছে। এর ফলে এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সী শিশু ও কিশোররা পবিত্র হজ পালনের সুযোগ পাবে।
২০২৬ সালের হজের জন্য সৌদি কর্তৃপক্ষ শুরুতে ১৫ বছরের কম বয়সীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছিল। এমনকি যাদের ভিসা ইস্যু করা হয়েছিল, তাও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। ৩ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই বিতর্কিত এই নিয়ম থেকে সরে এল সৌদি সরকার।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এবং হজ অধিদফতর এই নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সী হওয়ার কারণে ইতিপূর্বে যাদের হজ ভিসা বাতিল বা প্রত্যাখ্যাত হয়েছিল, নতুন সিদ্ধান্তের প্রেক্ষাপটে সেগুলো পুনরায় যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ করা হবে।
নতুন এই ঘোষণার ফলে ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের হজে অংশ নিতে আর কোনো বাধা রইল না। এর ফলে পরিবারসহ হজ পালনের পরিকল্পনা করা যাত্রীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হলো। পাকিস্তান থেকে ইতোমধ্যে হজের ফ্লাইট অপারেশন শুরু হয়েছে এবং এ বছর প্রায় ১ লাখ ১৯ হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।
জান্নাত/সকালবেলা