মাধ্যমিক শিক্ষায় আসছে ‘স্মার্ট ক্লাসরুম’, কী থাকছে তাতে

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
মাধ্যমিক শিক্ষায় আসছে ‘স্মার্ট ক্লাসরুম’, কী থাকছে তাতে

দেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপনের বড় উদ্যোগ নিয়েছে। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় এই প্রকল্পের অধীনে ১৫০টি সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০টি নতুন ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপন করা হবে। আজ রবিবার (৩ মে ২০২৬) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে যা যা থাকছে:

  • ইন্টারেক্টিভ এডুকেশন প্যানেল (IEP): প্রতিটি বিদ্যালয়ে দুটি করে আধুনিক শিক্ষা প্যানেল সরবরাহ করা হবে।

  • স্বয়ংক্রিয় রেকর্ডিং: এআই প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান ভিডিও আকারে সংরক্ষিত হবে, যা ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা দেখতে পারবে।

  • কিউআর কোড নোটস: শিক্ষার্থীরা ক্লাসের নোট ও কোর্সওয়্যার কিউআর কোড স্ক্যান করে মুহূর্তেই সংগ্রহ করতে পারবে।

  • ডাটা সেন্টার ও স্টুডিও: মাউশিতে একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার ছাড়াও ১০টি রেকর্ডিং স্টুডিও এবং ৩০টি শিক্ষা দপ্তরে বিশেষ মিটিং রুম স্থাপন করা হবে।

প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে মাঠ পর্যায়ে কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট প্রপোজাল (TAPP) তৈরির কাজ চলছে।

ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রস্তাবিত ‘স্মার্ট বোর্ড ও ট্যাব’ ভিত্তিক কার্যক্রমের অনাপত্তি দিয়েছে। প্রাথমিকভাবে বগুড়ার বেতগাড়ী মীর শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয় এবং চাঁদপুরের ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে।

মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মীর জাহীদা নাজনীন জানান, এই উদ্যোগ ডিজিটাল বিভাজন কমিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন