সড়কে ঠিকাদারের লোভের বলি হন শ্রমিকরা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
সড়কে ঠিকাদারের লোভের বলি হন শ্রমিকরা

ভোরের আলো ফোটার আগে জীবিকার তাগিদে ঘর ছাড়েন তাঁরা। লক্ষ্য ছিল একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ। কিন্তু পথে ওত পেতে ছিল মৃত্যু। আজ রবিবার (৩ মে ২০২৬) ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন নির্মাণ শ্রমিক।

সিলেট নগরের আম্বরখানা থেকে ডিআই ট্রাকে করে শ্রমিকরা ওসমানীনগরের গোয়ালাবাজার যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় একটি কাঁঠালবাহী ট্রাক তাঁদের বহনকারী পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং পরে হাসপাতালে আরও চারজনসহ মোট আটজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

অনুসন্ধানে দেখা গেছে, ঠিকাদাররা খরচ বাঁচাতে একটি ডিআই ট্রাকে বড় মিকচার মেশিনের পাশাপাশি গাদাগাদি করে ২০-২৭ জন শ্রমিককে তুলে দেন। নগরের লোহারপাড়ার নির্মাণ শ্রমিক হামিদ মিয়া বলেন, “মিকচার মেশিনের পাশে আমাদের বস্তার মতো তোলা হয়। ঠিকমতো শ্বাস নেওয়া যায় না। না গিয়ে উপায় নেই, কারণ পরিবার আছে।”

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্য রনজিৎ তালুকদার জানান, তিনি ঘাতক ট্রাকটিকে আটক করেছেন। তাঁর পর্যবেক্ষণে চালক নয়, বরং ঘুম চোখে হেলপার স্টিয়ারিংয়ে ছিলেন। এই অসচেতনতাই কেড়ে নিয়েছে আটটি তাজা প্রাণ।

কাকতালীয়ভাবে ২০২৩ সালের ৭ জুন ঠিক একই এলাকায় এবং একই সময়ে (ভোর সাড়ে ৫টা) ডিআই ট্রাকে থাকা ১৪ জন নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। দুই দুর্ঘটনার ধরনে অদ্ভুত মিল খুঁজে পাওয়া গেছে—উভয় ক্ষেত্রেই অতিরিক্ত ওজনের মিকচার মেশিন ও ধারণক্ষমতার অতিরিক্ত শ্রমিক তোলা হয়েছিল।

অ্যাক্টিভিস্ট মঞ্জুর মোহাম্মদ বলেন, “ভারী মিকচার মেশিনের সঙ্গে শ্রমিক পরিবহন নিষিদ্ধ থাকলেও কেউ তা তোয়াক্কা করে না। ঠিকাদারের কয়েকশ টাকা বাঁচানোর এই লোভই বারবার মৃত্যুর মিছিল দীর্ঘ করছে।”

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন