গজারিয়ায় কারখানায় ডাকাতির চেষ্টা ব্যর্থ

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
গজারিয়ায় কারখানায় ডাকাতির চেষ্টা ব্যর্থ

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত ওয়ালপ্যাক পলিমারস লিমিটেড কারখানায় ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি ডাকাত দল। 

শনিবার রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সতর্কতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে ডাকাতদের পরিকল্পনা ভেস্তে যায়।

জানা যায়, রাতের আঁধারে সংঘবদ্ধ ডাকাত দল কারখানার দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত ধাওয়ার মুখে ডাকাত দল পালিয়ে যেতে বাধ্য হয়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান আলী জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে কারখানাটি রক্ষা পেয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন