নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাজনৈতিক দল হুদা পার্টির (HUDA PAR) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল। রোববার (৩ মে) দুপুরে রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বৈঠক সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে দুই দলের নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তুরস্কের হুদা পার্টি ও জামায়াতে ইসলামীর মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত এবং যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলে বৈঠকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। তুরস্কের প্রতিনিধি দল বাংলাদেশের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন এবং জামায়াত নেতাদের তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।
এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে দুই দেশের ইসলামী আন্দোলনের মধ্যে আন্তর্জাতিক সেতুবন্ধন আরও দৃঢ় হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।