মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক চোরাচালানবিরোধী অভিযানে দুইজন আসামিসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।
শনিবার (২ মে) ভোর থেকে পরিচালিত এসব অভিযানে জিরা, গরু ও এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার ভোর ৬টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। একই দিন সকাল ৭টার দিকে তেলিয়াপাড়া বিওপির অভিযানে একটি মাইক্রোবাস থেকে ভারতীয় জিরা ও ৭৬৮ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়। এ ঘটনায় সুনামগঞ্জের মো. শাহেদ মিয়া (২৫) ও মো. আশরাফুল (২০) নামে দুইজনকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল খাশপাড়া এলাকা থেকে ভারত হতে পাচারকৃত মালিকবিহীন ৩টি গরু জব্দ করে। জব্দকৃত পণ্য ও যানবাহন সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনীতি রক্ষায় চোরাচালান দমনে তাঁদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা