৭ জুন ইবিতে অনার্সের ভর্তি কার্যক্রম শুরু

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
৭ জুন ইবিতে অনার্সের ভর্তি কার্যক্রম শুরু

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৭ জুন থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। 

রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিগণ উপস্থিত ছিলেন। ভর্তি প্রক্রিয়াকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা অনিয়মের সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ভর্তি কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পাদন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি আশা প্রকাশ করেন যে, ভর্তি পরীক্ষার মতো ভর্তি প্রক্রিয়াটিও নির্বিঘ্নে সম্পন্ন হবে। উল্লেখ্য, জিএসটি (GST) বা গুচ্ছ পদ্ধতির মাধ্যমে একক পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা ইবিসহ একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন