আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ ইউরোপের দেশগুলোকে ইসরায়েলের প্রতি সব ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ অনুষ্ঠানে তিনি এই হুশিয়ারি দেন।
আলবানিজ বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি আইসিজে-র একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব পুরোপুরি নিঃশর্তভাবে বন্ধ না হওয়া পর্যন্ত জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের উচিত নয় ইসরায়েলকে কোনোভাবে সহায়তা করা।
ইউরোপীয় দেশগুলোর কড়া সমালোচনা করে তিনি বলেন, দেশগুলো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য, অস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখেছে। এমনকি তারা ইসরায়েলি স্পাইওয়্যার বা নজরদারির সরঞ্জাম কিনছে এবং নিজেদের সমাজে নিরাপত্তা বেষ্টনী কঠোর করছে। আলবানিজ একে ইউরোপীয় সমাজের 'ইসরায়েলাইজেশন' (Israelization) বা ইসরায়েলীকরণ বলে অভিহিত করেন এবং এর ফলে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিসও একই সুরে বলেন, গ্রিস বর্তমানে ইউরোপের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি ইসরায়েলপন্থী হয়ে উঠেছে। আলবানিজ গত শুক্রবার ক্রিট দ্বীপের কাছে গাজাগামী মানবিক সহায়তা বহর 'সুমুদ' (Sumud) আটকে দেওয়ার ঘটনায় গ্রিক কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, ইসরায়েলিদের সঙ্গে হাত মিলিয়ে একটি মানবিক মিশনকে বাধা দেওয়া গ্রিসের জন্য বড় ভুল।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা