রাজশাহীতে অস্ত্র ও অ্যালকোহলসহ আটক ১

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
রাজশাহীতে অস্ত্র ও অ্যালকোহলসহ আটক ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার এবং বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। 

শনিবার (২ মে) দিবাগত রাতে মহানগরের কাশিয়াডাঙ্গা ও বাগমারা উপজেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

র‌্যাব জানায়, রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আমিনুল উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন