টিসিবির পণ্য গুদামে রাখায় ডিলারকে জরিমানা

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
টিসিবির পণ্য গুদামে রাখায় ডিলারকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য গ্রাহকদের মাঝে বিতরণ না করে গুদামজাত করার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৩ মে) বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৮০ বোতল সয়াবিন তেল, প্রায় ২০০ কেজি চিনি এবং ২০০ কেজি ছোলা জব্দ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব পণ্য পরবর্তীতে চড়া দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী সংশ্লিষ্ট ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও মিজানুর রহমান জানান, অপরাধীর ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন