নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে আরও একধাপ এগিয়েছে। নতুন করে ৪টি কারখানা আন্তর্জাতিক স্বীকৃত ‘লিড’ (LEED) সনদ অর্জন করায় দেশে এ ধরনের সবুজ কারখানার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪টিতে। এর মধ্যে ১২১টি প্লাটিনাম এবং ১৪৪টি গোল্ড রেটিংপ্রাপ্ত।
নতুন করে সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে তিনটি প্লাটিনাম এবং একটি গোল্ড মর্যাদা পেয়েছে:
পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড (ইউনিট-০২): চট্টগ্রামের এই কারখানাটি ৮৬ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে।
এভারব্রাইট সোয়েটার লিমিটেড: সাভারের আশুলিয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি ৮৩ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ লাভ করেছে।
সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (মামটেক্স): গাজীপুরের সুরাবাড়ির এই কারখানাটি ৮৪ পয়েন্ট পেয়ে প্লাটিনাম মর্যাদা পেয়েছে।
ওয়েলডান অ্যাপারেল লিমিটেড: গাজীপুরের শ্রীপুরের এই কারখানাটি ৭৫ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ অর্জন করেছে।
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড কারখানার মধ্যে ৫২টিই বাংলাদেশের, যা বৈশ্বিক পোশাক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশের এই অর্জন এখন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “টেকসই শিল্পায়নের সূচকে বাংলাদেশ এখন বৈশ্বিক নেতৃত্বের কাতারে। নতুন চারটি কারখানার সংযোজন এই অগ্রযাত্রাকে আরও বেগবান করেছে।” বিশেষজ্ঞরা মনে করছেন, সবুজ শিল্পায়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনায় বিশ্বে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে।
জান্নাত/সকালবেলা