শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: আটক ৫

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: আটক ৫

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (২ মে) ভোর ৪টায় নওবেকি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং বাকি চারজনকে অর্থ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর নওবেকী পয়েন্টে পুলিশ ও প্রশাসনের অভিযানে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ বাসিন্দাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— নজরুল ইসলাম, সজীব শেখ, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ আক্তারুল গাজী ও আব্দুল্লাহ আল মামুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোঃ আক্তারুল গাজীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপরাধ স্বীকার করায় বাকি চারজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন