মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
শনিবার (২ মে) দুপুরে তিনি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে বিদ্যমান নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন।
শ্রী মনোজ কুমার বলেন, “বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ক্ষেত্রে যেসব জটিলতা আছে, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের অন্য বন্দরে যে পণ্যগুলো অনুমোদিত কিন্তু এখানে নিষিদ্ধ, সেগুলো নিয়ে কাজ করা হবে।” এছাড়া তিনি বিজনেস ভিসাসহ সব ধরনের ভিসা জটিলতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
আলোচনা শেষে তিনি বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় গিয়ে বিজিবি এবং বিএসএফ-এর কার্যক্রম পরিদর্শন করেন। বন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, বন্দরের অবকাঠামোগত সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। পরিদর্শন শেষে সহকারী হাইকমিশনার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।
এ.আই.এল/সকালবেলা