নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষায় (গ্রীষ্মকালীন সেশন) অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২ মে) রাজধানীর তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা চলাকালে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন এবং শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। এছাড়া বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন ভুয়া (প্রক্সি) পরীক্ষার্থীকে আটক করা হয়।
গুরুতর এই অনিয়মের অভিযোগে অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে নৌপরিবহন অধিদপ্তর কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
এবারের পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি রোধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা