কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের সূচনা

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের সূচনা

কিশোরগঞ্জ প্রতিনিধি: সারা দেশে মেধা অন্বেষণের মহাপরিকল্পনা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর অংশ হিসেবে কিশোরগঞ্জেও অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। 

শনিবার (২ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করার পর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ের আয়োজনের যাত্রা শুরু হয়।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট জালালউদ্দিন এবং শেখ মজিবুর রহমান ইকবাল। প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল ও জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। ১২-১৪ বছর বয়সী কিশোরদের জন্য ক্রিকেট, ফুটবল, কাবাডি ও অ্যাথলেটিক্সসহ মোট আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এই যুগান্তকারী আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি দক্ষ ও আত্মবিশ্বাসী জাতি গঠনে সহায়তা করবে। মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্টেডিয়ামে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ‘তৃণমূল থেকে বিশ্বমঞ্চ’ ভিশন বাস্তবায়নে কিশোরগঞ্জের সুপ্ত প্রতিভাদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সব ধরনের সুযোগ নিশ্চিত করা হবে। সুস্থ বিনোদনের মাধ্যমে কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে এই কর্মসূচি নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন