তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণের পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর এই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে লাউয়াছড়া উদ্যানের ‘গাড়িভাঙা’ এলাকাসহ সড়কের একাধিক স্থানে বিশালাকৃতির পুরনো গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে পর্যটকবাহী মাইক্রোবাস, দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
সড়ক বন্ধ হওয়ার পরপরই বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। বনের ভেতর বড় বড় গাছগুলো কেটে সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেলের শেষভাগে রাস্তা পরিষ্কার করতে সক্ষম হন তাঁরা।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, আকস্মিক ঝড়ে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় গাছ অপসারণ শেষে সন্ধ্যা ৬টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঝড়ের পর সড়ক পিচ্ছিল থাকতে পারে বিধায় চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ.আই.এল/সকালবেলা