নিজস্ব প্রতিবেদক: সিলেট সফর শেষে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে রাজধানী ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। বিমানবন্দরে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।
সিলেট সফরের শেষ পর্যায়ে আজ সন্ধ্যা ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের এক গুরুত্বপূর্ণ কর্মিসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কর্মিসভা শেষে তিনি সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সফরসঙ্গী হিসেবে ডা. জোবাইদা রহমানের উপস্থিতিও স্থানীয়দের মাঝে বিশেষ গুরুত্ব পেয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত এই সফরে সিলেটের সার্বিক উন্নয়ন পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়াও দলীয় সংহতি বৃদ্ধিতে জোর দিয়েছেন। সিলেট থেকে ফেরার পথে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষমাণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিকে, প্রধানমন্ত্রীর ঢাকা আগমন উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাত সোয়া ৮টায় অবতরণের পর তিনি কড়া নিরাপত্তা বেষ্টনীতে বিমানবন্দর ত্যাগ করেন।