৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবারও স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

রকিব মুহাম্মদ
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবারও স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশকে আবারও স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। তবে পরবর্তীতে নানা সমস্যা তৈরি হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। এর মাধ্যমেই আমরা সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে পেয়েছি”।

প্রধানমন্ত্রী এই কর্মসূচির ধারণা সম্পর্কে স্মৃতিচারণা করে বলেন, “সাড়ে চার বছর আগে লন্ডনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে এক রেস্টুরেন্টে বসে প্রথম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ব্যাপারে আলাপ হয়। তখনই আমরা সিদ্ধান্ত নিই, ক্ষমতায় এলে এই কার্যক্রম চালু করব”। আশির দশকের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় ১২-১৪ বছর বয়সীদের জন্য এই ক্রীড়া মেধা অন্বেষণ কর্মসূচি শুরু হলো।

অংশগ্রহণকারীদের ‘বাংলাদেশের অ্যাম্বাসাডর’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। স্পোর্টসের মাধ্যমে তোমরাই পৃথিবীকে এই দেশ চিনিয়ে দেবে। তোমাদেরই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে”। তিনি আশ্বাস দেন যে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় বা শিল্পী—যে যা হতে চায়, সরকার তার সামর্থ্য অনুযায়ী সবার পাশে থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী অনলাইনে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেন। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মোট আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন