মো. কোরবান আলী, উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মরহুম আব্দুল সালামের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) আয়োজিত এই সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন।
বক্তারা মরহুম আব্দুল সালামকে তৃণমূল রাজনীতির একজন ত্যাগী ও সাহসী সংগঠক হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের প্রতিটি স্তরে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তাঁর অবদান অনস্বীকার্য। বক্তারা আরও বলেন, আব্দুল সালামের আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভায় উল্লাপাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ.আই.এল/সকালবেলা