নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে নাগরিকদের জন্য ‘ময়লার বিল’ মওকুফের ঘোষণা দিয়েছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নির্বাচনী প্রতিশ্রুতি দেন।
আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, “আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনকি এটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।”
নির্বাচনী প্রচারণার শুরুতেই নাগরিকদের পকেট সাশ্রয়ী এমন ঘোষণা ভোটারদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এর আগে এনসিপির পক্ষ থেকে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ এবং উত্তর সিটিতে আদীবকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও ভোগান্তি লাঘব করতেই আসিফ মাহমুদ এই অভিনব প্রতিশ্রুতি দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।