রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহাফুজুর রহমান রিটন। 

শনিবার (২ মে) সকালে নগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর সব ড্রেন, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা কমিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য।

মাহাফুজুর রহমান রিটন বলেন, “নগরবাসীর দুর্ভোগ কমাতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চালানো হবে। তবে জলাবদ্ধতা নিরসনে নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে বা নালায় আবর্জনা না ফেলার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।” রাসিক কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে অনেক নাগরিক অভিযোগ করেন যে, ওয়ার্ড কাউন্সিলররা না থাকায় বিভিন্ন এলাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। প্রশাসক মাহাফুজুর রহমান রিটনের এই তৎপরতায় নগরবাসী আশার আলো দেখছেন এবং সামনের দিনগুলোতে আরও ভালো কাজের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন