নড়াইল প্রতিনিধি: জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) ১১ দলীয় ঐক্য নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে এই কর্মসূচি পালিত হয়।
নড়াইল জেলা জামায়াতের আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কাইসার। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম এবং পৌর আমীর জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও বর্তমানে জুলাই সনদ ও গণভোট নিয়ে টালবাহানা করা হচ্ছে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "জুলাই সনদের প্রেক্ষাপটেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। জনগণের দেওয়া গণভোটের রায়কে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই।" নেতৃবৃন্দ আরও মনে করিয়ে দেন যে, সংবিধানের দোহাই দিয়ে বিগত স্বৈরাচারী সরকার শেষ রক্ষা পায়নি, তাই বর্তমান সরকারকেও জনআকাঙ্ক্ষা তথা গণভোটের রায় মেনে নিতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জনদাবীর সপক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ.আই.এল/সকালবেলা