হামে আরও ৪ জনের মৃত্যু: মোট প্রাণহানি ২৩৫

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
হামে আরও ৪ জনের মৃত্যু: মোট প্রাণহানি ২৩৫

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রামক ব্যাধির উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ২৩৫ জনের প্রাণহানি ঘটল।

শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৫ হাজার ২১৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছেন ৭২ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ২২৫ জন। বর্তমানে অনেক রোগীই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে হামের প্রকোপ সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত ১৭ হাজার ৮১৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৭৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। সঠিক সময়ে টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবে এর বিস্তার বাড়ছে। শিশুদের ক্ষেত্রে এই রোগটি প্রাণঘাতী হতে পারে। হঠাৎ করে জ্বর এবং শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর সারাদেশে টিকাদান কর্মসূচি জোরদার করলেও আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী হার জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন