স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতুরপুরে মাদকের ভয়াবহতা রোধে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকালে স্থানীয় মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সাংসদ শ্যামল তাঁর বক্তব্যে বলেন, "তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, এটি গোটা সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়।" তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে স্পষ্ট জানান যে, অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, "মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"
সমাবেশে জেলা পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাসহ সকলে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি ছতুরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বিজয়নগরকে একটি মাদকমুক্ত মডেল উপজেলায় রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা